ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিল রাশিয়া

ইউক্রেনে হামলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হুমকিতে মোটেও ভীত নয় রাশিয়া। উল্টা মার্কিন প্রশাসনকে পাল্টা জবাব দিল মস্কো। রুশ কর্তৃপক্ষ বলছে, আমেরিকার যুদ্ধকামী বাগাড়ম্বর ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে উত্তেজনা প্রশমনে কোনো কাজে আসবে না।


রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, গেল কয়েক সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণাত্মক অনেক বাগাড়ম্বর শুনেছি। দুঃখজনকভাবে এ ধরনের বাগাড়ম্বর উত্তেজনা প্রশমনে কখনোই সাহায্য করবে না।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রায় দুই ঘণ্টা যাবত বৈঠক করেন। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে পক্ষ দুটি মূলত ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন। এছাড়া নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক, সাইবার নিরাপত্তা ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু আলোচনা নিয়েও তাদের মধ্যে কথাবার্তা হয়।


ভিডিয়ো সংলাপে জো বাইডেন ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে দেশটিকে ‘ধ্বংসাত্মক অর্থনৈতিক পরিণতি’র সম্মুখীন হতে হবে। এর মাধ্যমে চড়া মূল্যও দেওয়া লাগবে।


মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য সমাবেশের বিরোধিতা করে দাবি করছে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে সৈন্য সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। যদিও মস্কো সেই অভিযোগ অস্বীকার করে বলছে, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজ ভূখণ্ডের যে কোনো অঞ্চলে সামরিক তৎপরতা চালানোর অধিকার রাশিয়ার রয়েছে।


এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্টো অভিযোগ করে বলেছেন, ন্যাটো জোট যে কোনো সময় রাশিয়ায় আক্রমণ চালাতে চায়।


বিশ্লেষকদের মতে, বেশ কয়েক মাস যাবত ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। এবার কি সেখানে মার্কিন সৈন্য পাঠানো হবে? এ প্রসঙ্গে জো বাইডেন বলেছিলেন, তেমন কোনো পরিকল্পনা তাদের কখনোই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য পূর্ব ইউরোপের ন্যাটো দেশগুলোতে সেনাবাহিনীর সদস্য পাঠানোর প্রয়োজন হতে পারে।


ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে। সোভিয়েত ইউনিয়নের সাবেক এই দেশটির পূর্বাঞ্চলে গণহত্যার অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অপর দিকে রুশ হামলা ঠেকাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এরই মধ্যে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।


একই সঙ্গে সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপের দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেও ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব ফোনালাপে বাইডেন স্পষ্ট জানিয়েছেন, বিদেশি আগ্রাসন হলে কিয়েভের পাশে দাঁড়াবে ওয়াশিংটন। ভার্চুয়াল বৈঠকের পর এক সপ্তাহ না পার হলেও ফের সরাসরি পুতিনকে হুঁশিয়ারিও দিলেন বাইডেন।


উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স তথা সামরিক গোয়েন্দা বিভাগের কিরইয়োল বুদানভ জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে প্রায় ৯২ হাজার সৈন্য মোতায়েন রেখেছে রাশিয়া।


মার্কিন পত্রিকা মিলিটারি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বুদানভ দাবি করেন, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে মস্কো। শুরুতে রুশ যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী ইউক্রেনের সামরিক পোস্টগুলোতে হামলা চালাবে। তারপর আসবে রুশ স্থল বাহিনী।


যদিও বরাবরই এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। গত সপ্তাহে বাইডেনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা করবে না। এ সময় ইউক্রেনের বিরুদ্ধে প্ররোচনা ও উসকানিরও অভিযোগ আনেন তিনি।


একই সঙ্গে পূর্ব ইউরোপে ন্যাটোর বিস্তার না করা এবং রাশিয়ার আশেপাশে বিধ্বংসী অস্ত্রের মোতায়েন না করার বিষয়েও বৈঠকে দাবি করেছিলেন রুশ প্রেসিডেন্ট।

ads
ads
ads

Our Facebook Page

↑